
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন দাবি করেছেন, নরসিংদী কারাগার ভাঙার মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছিল এবং তাকে পরিকল্পিতভাবে 'ক্রসফায়ারে' নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সরকার। তবে ছাত্রদলের বৈষম্যবিরোধী আন্দোলনের সফলতার কারণে সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে মাধবদী পৌর ছাত্রদল আয়োজিত শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহীদ শাওন ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নিহত ছাত্রদলকর্মী।
খোকন বলেন, “আল্লাহর অশেষ রহমতে ছাত্রদের আন্দোলন সফল হয়েছে, না হলে আমাদের কবর আগেই লেখা হয়ে যেত।”
তিনি বলেন, রাজনৈতিক সংকটকালে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর জনগণের মধ্যে একটি আশার আলো দেখা দিয়েছিল যে, দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশজুড়ে অস্থিরতা বাড়তে থাকে।
এ সময় প্রধান উপদেষ্টাও উপলব্ধি করেন, বিএনপিকে বাদ দিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তাই, পরে তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছান, যা জনগণ এবং রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে গ্রহণ করে।
তবে সেই সমঝোতা ও রাজনৈতিক অগ্রগতিকে ভালোভাবে নেয়নি একটি ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী এবং তাদের সহযোগী এনসিপি, যারা ‘গোল পানি’ ঘোলা করে ফায়দা লুটতে চায় বলে অভিযোগ করেন খায়রুল কবির খোকন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি এবং তার নেতাকর্মীরা কখনোই তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এছাড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, যুবদল নেতা সুলাইমান ভূঁইয়া এবং জোবায়ের নকিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।