
ঢাকায় ব্যাংকিং খাতের প্রতিবেদকরা ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকিং রিপোর্টার্স (এবিআর)’ নামে একটি পেশাজীবী সংগঠনের যাত্রা শুরু করেছেন। সংগঠনটি প্রতিষ্ঠার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সাংবাদিকরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেন। সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকিং খাত সংক্রান্ত সাংবাদিকতার উৎকর্ষ, প্রশিক্ষণ, সেমিনার আয়োজন, মানোন্নয়ন এবং সদস্যদের কল্যাণে একটি সংগঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে আছেন, চ্যানেল আই-এর রিজভী নেওয়াজ(আহ্বায়ক) ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেখ আবু তালেব(সদস্য সচিব)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: রূপালী বাংলাদেশের রহিম শেখ, ডেইলি অবজারভারের শামসুল হুদা, মানবজমিনের এম এম মাসুদ, চ্যানেল২৪-এর মাসুম মিয়া, সময় টিভির সেলিয়া সুলতানা,সিটিজেন জার্নালের মরিয়ম সেঁজুতি, এনটিভির আনিসুজ্জামান, জনকণ্ঠের নাজমুল ইসলাম, চ্যানেল ওয়ানের মিনা ফেরদৌস।
সদস্য সচিব শেখ আবু তালেব জানান, এবিআর-এর লক্ষ্য ব্যাংক ও নন-ব্যাংকিং খাত সংক্রান্ত সাংবাদিকতায় নৈতিক মানদণ্ড বজায় রাখা, তথ্যের উন্মুক্ততা, স্বচ্ছতা, জবাবদিহি এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা।