
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার সাত বছরের শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর-১১ নম্বর এলাকায় রামিসাদের বাসায় গিয়ে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেন তিনি। এ সময় রামিসার বড় বোনের ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব নেওয়ার কথাও জানান সরকারপ্রধান।
রাত ১০টার দিকে প্রধানমন্ত্রী রামিসাদের বাসায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বাসার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এদিকে শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানাকে আটক করা হয়। তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।