
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় ভেজাল মদপানের অভিযোগে তিন দিনের ব্যবধানে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে প্রায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।
শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন চান্দেল জেলা সদর দপ্তরের সুমিল লাংহু। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর জানা তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ইম্ফলের শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন রোগী স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন। এ ছাড়া বাবিনা হাসপাতালেও একই ধরনের সমস্যায় আক্রান্ত আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।
লাংহু জানান, গত দুই থেকে তিন দিনের মধ্যে এসব ঘটনা ঘটেছে। তাঁর কাছে থাকা তথ্য অনুযায়ী, মদপানের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ওই মদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
চান্দেল জেলা পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন, তা কাকচিং জেলার সুগনু এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিবৃতিতে আরও জানানো হয়, চান্দেলে স্থানীয়ভাবে মদ তৈরি বা উৎপাদনের কোনো তথ্য পুলিশের কাছে নেই।
এদিকে, বৃহস্পতিবার চান্দেলের জেলা প্রশাসক জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে স্থানীয়ভাবে তৈরি মদ এবং উৎস সম্পর্কে সন্দেহ রয়েছে—এমন যেকোনো মদ্যপ পানীয় পান করা থেকে বিরত থাকতে বলা হয়।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, মদপানের পর কারও বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, ঝাপসা দেখা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে।
এ পরিস্থিতিতে আক্রান্তদের অবস্থা দেখতে মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি আক্রান্ত রোগী ও চিকিৎসা দলের সদস্যদের সঙ্গে কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী জানান, সরকার এ ঘটনার তদন্ত করবে এবং এর জন্য দায়ীদের শাস্তির আওতায় আনা হবে।