
সম্প্রতি সরকারি এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বারবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বিভিন্ন প্রশংসামূলক বক্তব্য দেওয়ার সময় আকস্মিকভাবে প্রশংসাবাণী থামাতে নিজেই হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করছিলেন।
এ সময় মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রশংসা করি নাই যতটুকু আপনি বলতেছেন, সামান্য বলেছি।”
পরবর্তীতে নিজের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্যখাত উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানবসেবাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং কর্মপরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।
সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সেবায় কাজ করতে হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।