
রাজধানীতে মশার উপদ্রব কমাতে মাঠপর্যায়ের কর্মীদের উৎসাহিত করতে পুরস্কারের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, মশা নিয়ন্ত্রণের কার্যক্রম মূলত মাঠপর্যায়ের কর্মীদের ওপরই নির্ভরশীল। নগরবাসী মশার কারণে ভোগান্তিতে রয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, যারা ভালো পারফরম্যান্স দেখাবে, তাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
মশা দমনে কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শতভাগ সফলতা অর্জন না হলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের চেয়ে বাস্তব অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, মশক নিয়ন্ত্রণের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ডিএনসিসি ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমও জোরদার করেছে। সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে নগরবাসীর ভোগান্তি কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ মোট ৮২ জন অংশগ্রহণ করছেন। এতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা প্রশিক্ষণ দিচ্ছেন।