
রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারির তাফসিরুল কোরআন মাহফিলে পকেটমারির প্রস্তুতির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান।
তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাসে করে রাজশাহীতে এসেছিলেন। মাহফিল শুরু হলে মুসল্লিদের মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র পকেটমারির পরিকল্পনা ছিল তাদের। তবে আটক নারীদের নাম-পরিচয় ও ঠিকানা এখনো প্রকাশ করেনি পুলিশ।
আয়োজক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওলামা-মাশায়েখ পরিষদ, রাজশাহীর উদ্যোগে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। মাহফিলে সভাপতিত্ব করছেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
আয়োজকদের ধারণা, মাহফিলে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে মাঠজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নারী ও পুরুষের জন্য রাখা হয়েছে পৃথক বসার ব্যবস্থা। নারীদের জন্য পাশের শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
মূল মাঠে জায়গার সংকুলান না হলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে মাহফিলের আলোচনা দেখার সুযোগ থাকবে। জনসমাগম নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
মাহফিল ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে পকেটমারি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।