
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমনের কোনো ইঙ্গিত না দিয়ে বরং আরও কঠোর অবস্থান নিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। মধ্যস্থতাকারী দুই দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ মার্চ) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, তেহরানের কাছে এসব প্রস্তাব পৌঁছালেও তা গ্রহণে আগ্রহ দেখাননি মোজতবা খামেনি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা সম্প্রতি দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব নেন।
ওই কর্মকর্তা আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম পররাষ্ট্রনীতি–সংক্রান্ত বৈঠকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার প্রশ্নে তিনি অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান তুলে ধরেন। তবে ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাঁকে আনুষ্ঠানিকভাবে এই পদে নির্বাচিত করে।
নতুন নেতাকে ইতোমধ্যে অভিনন্দন জানিয়েছে ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি তাঁর প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে বলেছে, ‘তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’
একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীও মোজতবা খামেনির প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছে।