
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রসচিব জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে বর্তমানে মালয়েশিয়া শুধু বাংলাদেশের নয়, বরং ইন্দোনেশিয়া, পাকিস্তান-সহ বিভিন্ন দেশের বিদেশি শ্রমিক নিয়োগ নীতিমালা পর্যালোচনা করছে। এই প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আসাদ আল সিয়াম বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতাসহ বিস্তৃত পরিসরে দেখার প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাবেন।
সফরসঙ্গী কারা থাকছেন
দুই দেশ মিলিয়ে ছয় দিনের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ায় ২৭ জন এবং চীনে ২৮ জন সফরসঙ্গী থাকবেন। এ বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, সফরসঙ্গীর সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
অন্যদিকে চীন সফরে তাদের পাশাপাশি পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।