
প্রত্যন্ত অঞ্চলে মোবাইল সংযোগের সীমাবদ্ধতা কাটানো এবং শহরের বহুতল ভবনের ভেতরে নেটওয়ার্কের মান উন্নত করতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের স্পেকট্রাম সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক।
সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের দপ্তরে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়ংসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ তুলনামূলক কম কম্পাঙ্কের হওয়ায় এটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। পাশাপাশি ভবনের ভেতরেও এ তরঙ্গের সংকেত তুলনামূলক ভালোভাবে পৌঁছায়। ফলে এই ব্যান্ড ব্যবহারে প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি শহরের ভবনগুলোর ভেতরে মোবাইল সংযোগের মান বাড়ানোর সুযোগ তৈরি হবে।
টেলিটকের এই উদ্যোগের মাধ্যমে দেশের দুর্গম এলাকার মানুষের কাছে নির্ভরযোগ্য মোবাইল সংযোগ ও ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে। কবে নাগাদ এই তরঙ্গ ব্যবহার শুরু হবে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।