
ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু শুধু যুক্তরাষ্ট্র—মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের এমন মন্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত নন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও ইসরায়েলের অন্যতম বৃহৎ সমর্থক ও ঘনিষ্ঠ বন্ধু।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ভারতে ইসরায়েলের প্রতি ‘অভাবনীয় সমর্থন’ রয়েছে।
তিনি বলেন, “আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত। সেখানে প্রায় ১৪০ কোটি মানুষ বাস করে এবং তাদের কাছ থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি।”
গাজা, ইরান ও লেবানন ইস্যুতে বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী ভারতের এই সমর্থনকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রতি সম্মান প্রকাশ করলেও বলেন, তার সব বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরায়েলের “সবচেয়ে বড় বন্ধু” বলে অভিহিত করেন।
কয়েক সপ্তাহ আগে জে ডি ভ্যান্স ইসরায়েলকে সতর্ক করে বলেছিলেন, তাদের একমাত্র শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানো উচিত হবে না। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা সামনে রেখে তিনি এ মন্তব্য করেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের সমর্থনের দাবি
নেতানিয়াহু দাবি করেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন।
তার ভাষায়, বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলবিরোধী ও ইহুদিবিদ্বেষী কনটেন্ট ছড়িয়ে দেওয়া যেন এক ধরনের প্রবণতায় পরিণত হয়েছে। তবে এর বিপরীতে ভারতসহ বিভিন্ন দেশের সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সমর্থনও পাচ্ছে ইসরায়েল।
তিনি আরও দাবি করেন, অনেক দেশের নেতা প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা কিংবা ইসরায়েলের সামরিক অভিজ্ঞতা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
নেতানিয়াহুর ভাষায়, “আন্তর্জাতিক সম্পর্ক বাইরে থেকে যেমন দেখা যায়, বাস্তবে তেমন নয়। আমাদের অনেক বন্ধু রয়েছে।”
লেবানন প্রসঙ্গেও মন্তব্য
সাক্ষাৎকারে লেবানন পরিস্থিতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু খ্রিষ্টান গ্রাম হিজবুল্লাহর হুমকির মুখে ইসরায়েলের সুরক্ষা চেয়েছে।
তার দাবি, “লেবাননের কিছু খ্রিষ্টান গ্রাম ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চেয়েছে। কারণ হিজবুল্লাহর উগ্রপন্থীরা তাদের হত্যা করতে চায়, আর আমরা খ্রিষ্টানদের রক্ষা করি।”