
চট্টগ্রাম নগরের ব্যস্ত রিয়াজউদ্দিন বাজার এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর সেই ঘটনার জেরে আটজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কোতোয়ালী থানাধীন রাইফেল ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের ব্যানারে আকস্মিক একটি মিছিল বের করা হয়। বিষয়টি জানতে পেরে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের আট সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তিরা সবাই আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন মো. তুষার, আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন বাবু, মো. শরীফ হোসেন মুন্না, সৈয়দ হামিদ মিয়াজী, মো. মাসুদুর রহমান এবং মো. রিয়াজ হোসেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আফতাব উদ্দিন বলেন, “ঝটিকা মিছিল করার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটজনকে আটক করেছে। আসামিদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”