
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’-এ অংশ নিতে চট্টগ্রাম বন্দরে এসেছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ওয়ারিয়র’। পাঁচ দিনব্যাপী এ মহড়ায় দুই দেশের নৌসদস্যরা সমুদ্র নিরাপত্তা ও যৌথ অভিযান পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ নেবেন।
রোববার (১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে যুদ্ধজাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) জেটিতে ভেড়ার প্রস্তুতি নেয়।
৬৮ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার মেরি সেনোনাইটেড। তাঁর নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি প্রতিনিধিদল চট্টগ্রামে এসেছে।
জাহাজটি চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে পৌঁছালে সামরিক রীতি অনুযায়ী বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের স্কুল অব মেরিটাইমে যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহড়ার মূল লক্ষ্য সমুদ্রপথের নিরাপত্তা জোরদার এবং যৌথ অভিযান পরিচালনায় দুই দেশের নৌসদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।
মহড়ায় দুই দেশের নৌসদস্যরা পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন। পাশাপাশি সমুদ্রপথে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, পারস্পরিক সমন্বয় এবং যৌথ অভিযানের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের যৌথ মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক হবে।
আগামী ৫ নভেম্বর মহড়া শেষ হওয়ার কথা রয়েছে। মহড়া শেষে মার্কিন যুদ্ধজাহাজটি বাংলাদেশ ছেড়ে যাবে।