
রাশিয়ার উফা শহরে একটি বিদেশি ছাত্রাবাসে ছুরিকাঘাতের ঘটনায় চারজন ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মস্কোর ভারতীয় দূতাবাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের স্পোর্টস হলে এই হামলা ঘটেছে। মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাধা দিতে গেলে সে দুই পুলিশ কর্মকর্তাকেও ছুরিকাঘাত করে এবং নিজের ওপরও আঘাত করার চেষ্টা করে। পরে পুলিশ হামলাকারী কিশোরকে আটক করেছে।
মস্কোর ভারতীয় দূতাবাস এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে বর্ণনা করেছে। আহত শিক্ষার্থীদের সহায়তায় কাজান থেকে কনস্যুলেট কর্মকর্তারা উফায় পৌঁছেছেন। দূতাবাস নিয়মিত রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নয়াদিল্লির বিদেশ মন্ত্রক বিষয়টি মনিটর করছে।
বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কানাডায় ১৭ জন এবং যুক্তরাষ্ট্রে ৯ জন ভারতীয় শিক্ষার্থী সহিংসতার শিকার হয়েছেন। ভারত সরকার জানিয়েছে, বিদেশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।
বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন এবং দূতাবাস তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।
সূত্র: গালফ নিউজ