.jpg)
ময়মনসিংহ নগরে এক জামায়াত নেতার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর সাংগঠনিক রুকনিয়ত স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় ময়মনসিংহ মহানগর জামায়াত। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান।
ওই নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি নগরের নতুন বাজার থানা শাখার রুকন ছিলেন। পাশাপাশি নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার সকাল থেকে তাঁর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে শহীদুল্লাহ দাবি করেন, ভিডিওটি তাঁর ও স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তাঁর মুঠোফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, শহীদুল্লাহ ভিডিওটি ব্যক্তিগত বলে জানিয়েছেন। বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে আপাতত তাঁর রুকনিয়ত স্থগিত করা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদুল্লাহ সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি ভিডিওটি দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা এবং টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।