
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা থানায় গিয়ে ওসিকে ‘চোর’ আখ্যা দিয়ে মব তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘থানায় রুমিন ফারহানা আপা এক ধরনের মব করেছেন।’
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ আদায়ের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিষোদগার ও মিথ্যাচার করছেন। তার কথাবার্তায় শেখ হাসিনার বক্তব্যের প্রতিফলন দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানার সাম্প্রতিক একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, গতকাল তিনি একজন ওসিকে ‘আওয়ামী লীগের চোর’ বলেছেন। অথচ তার মতে, রুমিন ফারহানা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এ অবস্থায় ওই ওসি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকলেও রুমিন ফারহানার তার পক্ষে থাকার কথা বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, ‘মানে তার প্রয়োজনে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করবেন। আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আওয়ামী লীগ ট্যাগিং করে থানায় মব করবেন।’
রুমিন ফারহানার রাজনীতি নিয়ে সমালোচনা
রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন। মানে যখন যেদিকে জোয়ার থাকে সেদিকে যাওয়ার চেষ্টা করেন।’
তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা ভেবেছিলেন, দলটি আর তাকে ফিরিয়ে নেবে না। এ কারণে তিনি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে পারে বলে ধারণা করেছিলেন। রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, এ সময় তিনি কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন বলেও মন্তব্য করেছিলেন।
এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘এই মুহূর্তে রুমিন ফারহানা আপা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা সভাপতি।’
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামান ছাড়াও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।