
মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কর্মসূচির কারণে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস মশাখালী এলাকায় আটকা পড়েছে। এতে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশন। বুধবার সকাল ৭টা ২০ মিনিটে যমুনা এক্সপ্রেসটি ওই এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা সেটি আটকে দেন। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ট্রেনটি সেখানে অবস্থান করছিল।
আন্দোলনকারীরা জানান, মশাখালী স্টেশনে যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তাঁরা গত ১০ থেকে ১২ দিন ধরে কর্মসূচি পালন করছেন। বুধবার সকালে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। স্টেশনটিতে আন্তনগর ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা।
এদিকে কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ তৈরি হয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।