
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মা খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত বেসরকারি শিক্ষক-কর্মচারী সমাবেশে এসব কথা বলেন তিনি।
‘ন্যায্য দাবি থেকে শিক্ষকরা বঞ্চিত হবেন না’
রুহুল কবির রিজভী বলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হবে না। তবে জাতীয়করণের মতো বড় একটি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবের মধ্যে নিয়ে গেলে এর পরিণতি ভালো হয় না। আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষা কার্যক্রমে রাজনীতিকরণের যে প্রভাব পড়েছে, তার ফল হিসেবে শিক্ষাব্যবস্থার ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‘দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হবে’
রিজভী বলেন, দেশে এখন মানসম্মত ও গুণগত শিক্ষা নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের যথাযথভাবে পাঠদানের ক্ষেত্রে এখনও অনেক ঘাটতি রয়েছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তোলার দায়িত্বও গুরুত্বের সঙ্গে পালন করতে হবে।
সমাবেশে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন বলেন, সরকারের সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যেসব দাবি ন্যায্য, সেগুলো পূরণের বিষয়ে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে নিপীড়ন ও নানা ধরনের বঞ্চনার শিকার হওয়া শিক্ষকদের যথাযথ মূল্যায়নের বিষয়টিও সরকার বিবেচনা করছে।