
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কয়েকজন শিক্ষকের নাম রয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিষয়টির গুরুত্ব ও ব্যাপকতা বিবেচনায় নিয়ে বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ করে দ্রুত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমেদ। কমিটির সদস্য সচিবের দায়িত্বে আছেন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
তদন্ত কমিটির সদস্যরা জানান, গণমাধ্যমে প্রকাশিত তালিকায় থাকা শিক্ষকদের নাম যাচাইয়ের পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে। অর্থাৎ, তদন্তের পরিধি শুধু প্রকাশিত তালিকায় থাকা নামের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও তদন্ত কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, “আমাদের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম বলেন, “আমরা অনেকাংশেই তদন্ত প্রতিবেদনের কাজ সম্পন্ন করে ফেলেছি। খুব দ্রুতই জমা দেওয়া হবে। এখানে আমরা বৃহত্তর পরিসরে তদন্ত চালিয়ে যাচ্ছি। গণমাধ্যমে যেসব নাম এসেছে, তার বাইরে আরও অনেক কিছুই আছে। আমরা শিগগিরই সবকিছু সামনে নিয়ে আসব।”
তিনি আরও বলেন, “তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তের বিষয়গুলোও প্রকাশ্যে আনা হবে। এ প্রক্রিয়ার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এগিয়ে যাচ্ছে।”