
লাল শাড়িতে নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন তিনি, যেখানে তাকে লাল শাড়িতে বধূসাজে দেখা যায়।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে অপু লেখেন, “সব রানির রাজার প্রয়োজন হয় না। কখনও কখনও শুধু তার রাজ্য, একটি স্বপ্ন আর সামান্য জাঁকজমকই যথেষ্ট।”
নায়িকার এই ব্যতিক্রমী বার্তা ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে এবং অসংখ্য ভক্ত মন্তব্যে ভালোবাসা জানান।
এক ভক্ত মন্তব্য করেন, “একমাত্র ঢালিউড মহারানি অপু বিশ্বাস, যার জীবন সংগ্রাম সকল নারীর জন্য উদাহরণ। এগিয়ে যাও তুমি তোমার নিজস্ব আলোয়।”
আরেকজন লেখেন, “আমাদের বগুড়ার সুন্দরী অপু বিশ্বাস আপু, অসাধারণ লাগছে।”
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা উত্থান-পতন পেরিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা অপু বিশ্বাসের এই আত্মবিশ্বাসী বার্তাকে অনেকেই তার ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবে দেখছেন।
বর্তমানে বড় পর্দায় ফের ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমা দুটি হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। এর মধ্যে ‘সিক্রেট’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন তরুণ নায়ক আদর আজাদ, আর ‘দুর্বার’ সিনেমায় তাকে দেখা যাবে অভিনেতা সজল-এর সঙ্গে।
ভক্তদের প্রত্যাশা, নতুন এই সিনেমাগুলোর মাধ্যমে আবারও বড় পর্দায় নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবেন অপু বিশ্বাস।