
সারের লাইসেন্স বিতরণে অনিয়ম, অনৈতিক লেনদেন এবং আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শুক্রবার দুপুর ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। একই সঙ্গে প্রশাসনের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে মনোনীত কোনো ব্যক্তিকে সারের লাইসেন্স দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সারের লাইসেন্সে অনৈতিক লেনদেনের অভিযোগ
ফেসবুক পোস্টে সংসদ সদস্য মাজেদ দাবি করেন, সারের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় অনৈতিক লেনদেনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে সুযোগ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তার ভাষ্য, সারের লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি তাকে টাকা দিতে চেয়েছেন। তবে তিনি এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ঈশ্বরগঞ্জে কখনো অনৈতিক আর্থিক সুবিধা নেননি এবং ভবিষ্যতেও নেবেন না বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
সরিষা ইউনিয়নে লাইসেন্স বণ্টন নিয়ে প্রশ্ন
সরিষা ইউনিয়নে সারের লাইসেন্স বিতরণের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য অভিযোগ করেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অর্থ নিয়ে তদবির করা লোভী লোকজনকে লাইসেন্স দেওয়া হচ্ছে।
তার মতে, এ ধরনের সিদ্ধান্ত উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন তৈরি করছে। সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে প্রশাসনের কর্মকর্তারা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলছেন কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে মাজেদ আরও দাবি করেন, কারা কোথা থেকে কত শতাংশ অর্থ নেন, সে বিষয়ে তিনি অবগত আছেন। তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে কোনো মনোনীত ব্যক্তিকে সারের লাইসেন্স দেওয়া হবে না বলে তিনি অবস্থান জানান।
প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ, শুদ্ধি অভিযানের দাবি
নিজের রাজনৈতিক কর্মীদের নির্যাতন ও মামলার শিকার হওয়ার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য লেখেন, তার দলের লোকজন মামলা ও হামলার শিকার হবেন, অথচ অর্থের বিনিময়ে অন্যদের সারের লাইসেন্স দেওয়া হবে—এটি মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিজেদের অর্থে থানার জন্য গাড়ি কিনে দেওয়ার পরও প্রশাসন ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন করবে, এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।
পোস্টের শেষাংশে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানোর দাবি জানান লুৎফুল্লাহেল মাজেদ বাবু। রাজনৈতিক নেতাদের শুদ্ধি করার আগে প্রশাসনের ভেতরে ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তবে সংসদ সদস্যের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা প্রশাসনের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।