
সিলেট সফরে গিয়ে হযরত শাহজালাল (র.)–এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় ২০ মিনিট অবস্থান শেষে সকাল ১০টা ৫০ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন।
মাজার জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরের চাঁদনী ঘাট এলাকায় যান। সেখানে জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং এক সমাবেশে অংশ নেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সিলেট সফরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মুষলধারে বৃষ্টির মধ্যেই সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে তাকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট।
এর আগে সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে তিনি সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। সেখান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।
সিলেট পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।