
১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফলে সাময়িকভাবে মনোনীত ২০০ প্রার্থীর মাদকদ্রব্য শনাক্তকরণ পরীক্ষা (ডোপ টেস্ট) ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১২ অক্টোবর) ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে মনোনীত ২০০ প্রার্থীর ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় সাময়িকভাবে মনোনীত সব প্রার্থীকে অংশ নিতে হবে।
মেধাক্রম অনুযায়ী তিন হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা
প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী শনিবার (১৭ অক্টোবর)। মেধাক্রম অনুসারে তিনটি হাসপাতালে ভাগ করে এ পরীক্ষা নেওয়া হবে।
- মেধাক্রম ১–৭০: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
- মেধাক্রম ৭১–১৪০: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
- মেধাক্রম ১৪১–২০০: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল।
২৩ সেপ্টেম্বর প্রকাশিত হয় চূড়ান্ত ফলাফল
এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তসলিম আরিফের স্বাক্ষরে ১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ওই ফলাফলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী বিচারক বা সিভিল জজ হিসেবে নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ জনকে মনোনীত করা হয়। তাঁদের পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবেই ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।