
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর পাওয়া গেছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা থানার দোভাষী বাজারে এ ঘটনা ঘটে। পরে দোকানিরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার অজগরটিকে রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোভাষী বাজারের সন্ধ্যা জুয়েলার্স নামের একটি সোনার দোকানে অজগরটি দেখা যায়। বাজারের পাশেই রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। স্থানীয়দের ভাষ্য, বন থেকে প্রায়ই অজগর লোকালয়ে চলে আসে।
সোমবার রাতে দোকানের শোকেসে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানিরা। পরে সবার সহযোগিতায় কৌশলে সেটিকে শোকেস থেকে নিচে নামিয়ে আনা হয়। ঘটনাটি দেখতে বাজারে লোকজন জড়ো হন। কেউ কেউ এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
দোকানটির স্বত্বাধিকারী রাজিব বণিক বলেন, রাতে হঠাৎ শোকেসে অজগর দেখে তারা ভয় পেয়ে যান। পরে সবার সহায়তায় সেটিকে নিচে নামানো হয়। মঙ্গলবার সকালে অজগরটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাম পাহাড়ে অবমুক্ত
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৪ ফুট। মঙ্গলবার সেটিকে স্থানীয় রাম পাহাড়ে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বাজারের পাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় সেখান থেকেই অজগরটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও ওই বাজারে অজগর পাওয়ার ঘটনা ঘটেছে। তবে আগের সাপগুলো আকারে ছোট ছিল। এবারই প্রথম প্রায় ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার করা হলো।