
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবায়। গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী।
রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫২টি ছিল সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট।
বাতিল হওয়া ফ্লাইট
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৩টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিলের কারণে এসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে।