
বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এতে শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থীও একই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণিতে পড়ে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
অধ্যক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে ছুটির পর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল ওই শিক্ষার্থী। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে। মোটরসাইকেল থামানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকের মুখ ও ঘাড়ে গাছের ডাল দিয়ে একের পর এক আঘাত করে পালিয়ে যায় শিক্ষার্থীটি।
মোস্তাফিজুর রহমান জানান, হামলায় শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। ঘাড়েও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে বাড়িতে অবস্থান করছেন রায়হান ইসলাম।
অধ্যক্ষ আরও জানান, মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।