
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যায় তেহরানে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ‘বিভিন্ন প্রদেশ থেকে লোকজন অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। এজন্য উপযুক্ত বৃহত্তর পরিকাঠামো এবং আয়োজন সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন, তাই অনুষ্ঠান পরবর্তীকালে উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে গভীর শোক নেমে আসে। রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদারের প্রয়োজন দেখা দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। খবরটি প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।