
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে বুধবার (২৬ আগস্ট) সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। তবে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর সবুর জানান, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস ও বন্দরের স্বাভাবিক কার্যক্রম ফের চালু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত অব্যাহত রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি, কাস্টমসসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে। তবে বন্দরে পণ্য খালাসের পর খালি ট্রাকগুলো ফিরে যেতে পারবে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে। পাশাপাশি চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এই স্থলপথে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন।
বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি থেকে প্রতিদিন সরকারের প্রায় ১০ কোটি টাকা রাজস্ব আদায় হয়। অন্যদিকে, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আসে।