
ঢাকার দোহার উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় এলাকার আলোড়ন সৃষ্টি হয়েছে। ১৬/১৭ বছর সংসার করার পর স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে পালিয়েছে এক স্ত্রী।
শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী পায়েল পালিয়ে গেছেন বলে জানিয়েছে আহত ব্যক্তির পরিবার ও স্থানীয়রা।
আহত ব্যক্তি ফিরোজ হোসেন (৩৮) জয়পাড়া বাজারের একজন ব্যবসায়ী। তিনি ওই এলাকার শেখ আনছারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ থেকে ১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের সঙ্গে ফিরোজের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল বলে জানা গেছে। শুক্রবার ভোরে ফিরোজ ঘুমিয়ে থাকা অবস্থায় স্ত্রী পায়েল ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। ফিরোজের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবারের সদস্যরা। তবে তারা পায়েলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রবিউল ইসলাম বলেন, “পুরুষাঙ্গ কাটা অবস্থায় ফিরোজ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আমরা তাকে ঢাকায় রেফার্ড করেছি।”
এদিকে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, “এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।”