
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পসের নৌবাহিনী (আইআরজিসি নেভি)।
সোমবার (১৯ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি নেভি জানায়, দক্ষিণ হরমুজ প্রণালি এলাকায় নৌ মাইনে স্পর্শ করার পর ট্যাংকারটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়, ট্যাংকারটি হরমুজ প্রণালি থেকে বের হওয়ার চেষ্টা করছিল। যাত্রা শুরুর পর থেকেই জাহাজটি নিজের অবস্থান শনাক্তকরণ ও নৌ চলাচলসংক্রান্ত সব ধরনের যন্ত্র বন্ধ রেখেছিল বলে অভিযোগ করেছে ইরানের নৌবাহিনী।
আইআরজিসি নেভির দাবি, প্রণালির নির্ধারিত নিয়ম উপেক্ষা করে ট্যাংকারটি অননুমোদিত দক্ষিণ দিকের পথ দিয়ে চলাচলের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে।
এদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী। জাহাজের পরিচয় ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তবে বিস্ফোরণে জাহাজটির ক্ষয়ক্ষতি, হতাহতের ঘটনা কিংবা ট্যাংকারটির পরিচয় সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। ইরানের নৌবাহিনীর দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্যও পাওয়া যায়নি।