 (1).jpg)
দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত বা উপসর্গ থাকা আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৮ শিশুর মধ্যে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। এর পাশাপাশি হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭২৮ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০০ শিশুকে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৪৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৭ হাজার ৮০০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া এ সময়ের মধ্যে মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।