
সরকারি বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন জটিলতায় পড়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত অন্তত ১২০টি পত্রিকা। এসব পত্রিকার করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ডিএফপির কাছে নেই। পাশাপাশি নির্ধারিত তথ্যছক পূরণ করে জমা না দেওয়ায় বিভিন্ন জাতীয় দিবসে প্রকাশিত ক্রোড়পত্রের বকেয়া বিল পরিশোধ আটকে আছে। অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, তথ্যছক পূরণ না করলে ভবিষ্যতে এসব পত্রিকার বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হবে না।
ডিএফপির নোটিশে বলা হয়েছে, বিভিন্ন জাতীয় দিবসের ক্রোড়পত্রের বিল আইবাস++ সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পরিশোধ করা হয়। এই ব্যবস্থায় বিল ছাড় করতে হলে সংশ্লিষ্ট পত্রিকার ব্যাংক হিসাবের সঙ্গে টিআইএন নম্বরের সংযোগ থাকা বাধ্যতামূলক। কিন্তু অধিদপ্তরে জমা পড়া বিলগুলো পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত অনেক পত্রিকা এখনো টিআইএনসহ নির্ধারিত তথ্যছক পূরণ করে জমা দেয়নি। ফলে এসব বিল প্রক্রিয়া করা যাচ্ছে না।
তালিকা অনুযায়ী, ১২০টি পত্রিকার মধ্যে ২০টি ইংরেজি দৈনিক, ৬৩টি ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিক এবং ৩৭টি ঢাকার বাইরে প্রকাশিত পত্রিকা রয়েছে।
ইংরেজি দৈনিকগুলো হলো— বিজনেস ইনসাইডার, বিজনেস আই, বিজনেস পোস্ট, বাংলাদেশ ট্রিবিউন, কম টাইমস, সিটিজেন টাইমস, কান্ট্রি টুডে, ইকো, ইন্ডিপেন্ডেন্ট, লাইফ, মেসেঞ্জার, নিউজ টুডে, দ্য ডেইলি লাইফ, নিউজ পেপার, আওয়ার টাইম, পিপলস টাইম, ট্রিবিউন, পিপলস লাইফ, রিপাবলিক ও ডেইলি অ্যাড্রেস।
ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলো হলো— অধিকার, অধিকরণ, অন্যায়ের চিত্র, অর্থনীতি প্রতিদিন, আলোকিত স্বদেশ, আশ্রয় প্রতিদিন, আজকের বসুন্ধরা, আমাদের দিনকাল, আমার দিন, আমার প্রাণের বাংলাদেশ, আমার বাংলা, আপন আলো, আল-ইহসান, আল আমিন, আগামীর সময়, উষার বাণী, উন্নয়ন বার্তা, উত্তরদক্ষিণ, উন্নয়নে বাংলাদেশ, একুশে সংবাদ, ঐশী বাংলা, খবর বাংলাদেশ, চৌকস, ডেসটিনি, দেশকাল, দেশ জনতা, দেশের পত্র, দিনের শেষে, নয়াদিন, নতুন দিন, নববার্তা, নয়া শতাব্দী, নতুন আশা, প্রথম প্রহর, প্রথম সূর্যোদয়, পথযাত্রা, পক্ষকাল, পরিবার, পাঞ্জেরী, পর্যবেক্ষণ, প্রতিদিনের চিত্র, বাংলার মুখ, বাংলা সময়, বাংলাদেশ সময়, বাংলাদেশ জার্নাল, বর্তমান বাংলা, মুক্ততথ্য, রূপবাণী, রূপালী, শক্তি, সংবাদ সংযোগ, সোনালী কণ্ঠ, স্বাধীন বাংলা, সবুজ নিশান, সোনার আলো, সূর্যোদয়, স্বপ্নবাংলা, স্পষ্টবাদী, বাংলার সমাচার, সাহস, সময়ের বাংলাদেশ, স্বাধীনতা প্রতিদিন ও সারা বাংলা।
এ ছাড়া ঢাকার বাইরে থেকে প্রকাশিত ৩৭টি পত্রিকার টিআইএন নম্বরও ডিএফপির কাছে নেই। এগুলো হলো— ফরিদপুর থেকে দৈনিক ভোরের প্রত্যাশা ও দৈনিক ভোরের রানার; গোপালগঞ্জ থেকে দৈনিক যুগকথা; কক্সবাজার থেকে দৈনিক সমুদ্র বার্তা; কুমিল্লা থেকে দৈনিক আমাদের কুমিল্লা ও দৈনিক ময়নামতি; ব্রাহ্মণবাড়িয়া থেকে দৈনিক আজকের হালচাল; চাঁদপুর থেকে দৈনিক চাঁদপুর ও দৈনিক মেঘনা বার্তা; রাজশাহী থেকে দৈনিক উপচার ও দৈনিক লালগোলাপ; নাটোর থেকে দৈনিক উত্তরবঙ্গ বার্তা; বগুড়া থেকে আজ ও আগামীকাল, দৈনিক প্রভাতের আলো ও দৈনিক সংবাদ কণিকা; রংপুর থেকে দৈনিক রংপুর চিত্র, দৈনিক বাহের সংবাদ ও দৈনিক তিস্তা সংবাদ; দিনাজপুর থেকে দৈনিক অন্তরকণ্ঠ, দৈনিক স্বর্ণ সকাল, দৈনিক দেশ মা, দৈনিক পত্রালাপ ও আলোকিত দিনাজপুর; খুলনা থেকে দৈনিক প্রবর্তন; সাতক্ষীরা থেকে দৈনিক দক্ষিণের মশাল; যশোর থেকে দৈনিক গ্রামের কণ্ঠ ও দৈনিক প্রতিদিনের কথা; কুষ্টিয়া থেকে দৈনিক দেশের বাণী; বরিশাল থেকে দৈনিক আজকের বরিশাল, দৈনিক হিরন্ময় ও দৈনিক বরিশাল সমাচার; পিরোজপুর থেকে দৈনিক গ্রামের সমাজ; পটুয়াখালী থেকে দৈনিক পটুয়াখালী; সিলেট থেকে দৈনিক কাজিরবাজার; হবিগঞ্জ থেকে দৈনিক প্রতিদিনের বাণী ও দৈনিক স্বদেশ বার্তা এবং সুনামগঞ্জ থেকে দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন।
ডিএফপি জানিয়েছে, নির্ধারিত তথ্যছক পূরণ করে রাজধানীর ১১২ সার্কিট হাউস রোডে তথ্য ভবনের ৬০৩ নম্বর কক্ষে (বিজ্ঞাপন শাখা) জমা না দিলে ভবিষ্যতে বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হবে না। এ কারণে সংশ্লিষ্ট পত্রিকাগুলোকে দ্রুত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।