
২০২৭ সালে পবিত্র হজ পালনের প্রস্তুতি শুরু হলো। আগ্রহী হজযাত্রীদের জন্য বুধবার (১ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যেই হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন শেষ করতে আগ্রহী হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে আনুষ্ঠানিকভাবে হজের সময়সূচি তুলে দেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজযাত্রীদের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট পরিচালনা শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ওই বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।