
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা বৈরিতা ও নীরবতা ভেঙে প্রথমবারের মতো সরাসরি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটির শীর্ষ নেতৃত্ব সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে।
ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইসরায়েল ও লেবাননের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছেন। এই উদ্যোগকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি—প্রায় ৩৪ বছর। অবশেষে সেই অচলাবস্থা কাটিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৯০-এর দশকের পর থেকে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না বললেই চলে।
সীমান্ত বিরোধ ও সাম্প্রতিক সংঘাতের কারণে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই সংলাপ নতুন কূটনৈতিক মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটবে এমন প্রত্যাশা করা হচ্ছে।