
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে। ইরানের ভেতরে চলমান সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন মার্কিন সেনা সদস্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকমের জানানো মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বিমান হামলা শুরু করার পর এই হতাহতের ঘটনা ঘটে। অভিযানের সময় ইরানের প্রাথমিক পাল্টা হামলায় একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেই স্থাপনা থেকেই পূর্বে নিখোঁজ থাকা দুই মার্কিন সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করা হয়েছে। ফলে নিহতের মোট সংখ্যা বেড়ে ছয়ে দাঁড়িয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। সামরিক নীতিমালা অনুযায়ী, পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার অন্তত ২৪ ঘণ্টা পর তাদের নাম-পরিচয় জনসমক্ষে আনা হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাত নতুন করে আঞ্চলিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে উদ্বেগ ক্রমেই বাড়ছে।
সূত্র: আল-জাজিরা