
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ (রোল নং: ২৪০১০৮৯)-কে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম (রোল নং: ২৪১৯০৪০)-কে চলমান টার্ম (প্রথম বর্ষ, দ্বিতীয় টার্ম; শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের অপরাধে জড়িত হলে জহিরুল ইসলামের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।