
চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘চিকামারা’ (দেয়াল লিখন) কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল পাঁচটায় জবি ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘গুপ্ত যাদের অবস্থান, তাদের পাকিস্তান’ এই প্রতিবাদী স্লোগান সংবলিত চিকা মারেন। এ সময় তারা চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন, দেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ বা অপরাজনীতির স্থান হবে না। কেউ যখন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখনই তাদের ওপর হামলা চালানো হচ্ছে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই দেয়াল লিখন করেছেন।
এ সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ছাত্রদল সব মতের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী গোপন পরিচয়ে ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়ে আবির্ভূত হচ্ছে। অনেক সময় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকছে। আমরা মনে করি একই সময়ে একাধিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকা নৈতিকতার পরিপন্থী। যারা সুস্থ ধারার রাজনীতি করতে চান তাদের অবশ্যই নিজস্ব দলের ব্যানারে কাজ করা উচিত।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, চট্টগ্রামে হামলার নিন্দা এবং অন্তরালে পরিচালিত রাজনৈতিক ষড়যন্ত্র রুখে দিতে তারা এই কর্মসূচি পালন করেছেন। নব্বইয়ের দশকের গণআন্দোলনে দেয়াল লিখনের মাধ্যমে যেভাবে জনমত গঠিত হয়েছিল, বর্তমান সময়ের ছাত্রসমাজও ঠিক সেভাবেই এই গোপন রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে কোনো ধরনের অন্ধকার বা আড়ালে থাকা রাজনীতি বরদাস্ত করা হবে না। সুস্থ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার স্বার্থে প্রতিটি ছাত্রসংগঠনকে তাদের নিজস্ব আদর্শ জনসম্মুখে তুলে ধরার এবং প্রকাশ্য রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।
এ সময় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রুমি, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে শিবির-ছাত্রদলের ওপর হামলার ঘটনা ঘটে, যার রেশ ধরে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।