
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ‘জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘তারেক রহমানের বাহুবল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘তারেক রহমানের সিদ্ধান্ত, চূড়ান্ত, চূড়ান্ত’ ইত্যাদি স্লোগান দেন।
আনন্দ মিছিল শেষে কুবি ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্যসচিব আবুল বাশার বলেন, ‘নবগঠিত কমিটির নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল অধিকার নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কাজ করবে। আপনারা জানেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, হলে খাবারের নিম্নমান এবং আশপাশের দোকানগুলোতে খাবারের নিম্নমান নিয়ে শিক্ষার্থীদের যেসব অভিযোগ আছে, আমরা সেসব সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করব।’
তিনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের নামে যে লুটপাট হয়েছে, আমাদের ক্যাম্পাসকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র হয়েছে, আমরা সেসব বাস্তবে রূপান্তরিত হতে দেব না। ছাত্রদলের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একীভূত করা হবে এবং শিক্ষার্থীদের অধিকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’
নবগঠিত কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রাম, নির্যাতন, জেল-জুলুমের পর পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি উপহার দেওয়ায় প্রথমে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। সকলকে নিয়ে একটি অংশগ্রহণমূলক কমিটি ঘোষণা করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত টিমের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি অব্যাহত রাখতে ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণে আমরা নিয়োজিত থাকব। আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ছাত্রদল তার গৌরব ধরে রাখবে এবং তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলে ছাত্রদলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।’
প্রসঙ্গত, গত ১৮ জুন ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল বাশারকে সদস্যসচিব করে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।