
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এর অংশ হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সাজ্জাদ হোসাইনকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল সাংগঠনিক পদে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে। এ অবস্থায় তার বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিতভাবে নিজের বক্তব্য জানাতে হবে।
জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশের পর ফেসবুকে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসাইন। সেখানে তিনি লিখেছেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।”
এই পোস্ট প্রকাশের পরই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, “সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্ট ঘিরে শোকজ করা হলে আমি নিয়ম অনুযায়ী সাংগঠনিক ফোরামে যথাযথ জবাব দেব।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থির পরিস্থিতির কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। মূলত বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছিলেন।
এদিকে গত সাত মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কয়েক দফায় বেড়েছে। সর্বশেষ গতকাল রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন মূল্য নির্ধারণ করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
নতুন নির্ধারিত দরে বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।