১৯৮৫ সালের জগন্নাথ হলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।
১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। এতে ২৬ শিক্ষার্থী এবং ১৪ অতিথি ও কর্মচারীসহ ৪০ জন প্রাণ হারান। আহত হন আরও অনেকে। এরপর থেকে প্রতিবছর ১৫ অক্টোবর নিহতদের স্মরণে শোক দিবস পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হবে। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হওয়ার পর সেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
পরে সকাল ৮টায় জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হবে।
এ ছাড়া নিহতদের স্মৃতি সংরক্ষণ ও দুর্ঘটনার ইতিহাস তুলে ধরতে হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তৈলচিত্র, দুর্ঘটনাসংক্রান্ত তথ্য ও বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শন করা হবে।