
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পোস্টের প্রতিবাদে রবীন্দ্রনাথের ছবি সংবলিত পোস্টার লাগিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে অনুসারীদের সঙ্গে নিয়ে রাকসু ভবনের নিচতলায় পোস্টারটি সাঁটান তিনি। পোস্টারটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির নিচে লেখা রয়েছে, ‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান।’
আবদুল্লাহ আল কাফি রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিন হাজার ভোট পেয়েও জয়ী হতে পারেননি তিনি। ওই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকেই পোস্টারটি লাগিয়েছেন বলে জানান কাফি।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেশের সাংস্কৃতিক পরিচয় ও চেতনার প্রতি অসম্মানজনক। তাঁর মতে, এ ধরনের বিদ্বেষের পেছনে সাংস্কৃতিক আত্মপরিচয়ের সংকট রয়েছে। বাংলাদেশের জন্ম ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিরোধিতাকারীদের মধ্যে এ সংকট লক্ষ করা যায় বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার সূত্রপাত গত রোববার। সেদিন রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে ‘রঠা সংগীত’ নামে একটি গান তৈরি করে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন সালাহউদ্দিন আম্মার। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে অবমাননাকর মন্তব্য করে আরেকটি পোস্ট দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এসব পোস্ট প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অনেকে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের বক্তব্য ও পোস্ট ঘিরে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চলছে।