.png)
সারা দেশে আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একাধিক বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। শবেবরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামী ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো, বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।