
ভোটের দিন সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দেবীদ্বার থেকে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির অবসান ঘটবে—এমন আশাবাদের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “১৩ ফেব্রুয়ারি দেবীদ্বারে চাঁদাবাজি ও ঋণখেলাপিমুক্ত একটি নতুন সূর্য উদিত হবে।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতে নির্বাচনের সময় ভোটারদের খাওয়ানো, টাকা বিতরণ এবং ভোটকেন্দ্রে নেওয়ার জন্য বাড়িতে সিএনজি অটোরিকশা পাঠানোর মতো নানা অনিয়ম ঘটেছে। তিনি মন্তব্য করেন, ভোটের আগে প্রার্থীর কাছ থেকে ঘুষ নিলে পরবর্তী পাঁচ বছর দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নৈতিক অধিকার থাকে না।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজের পর কেন্দ্র গিয়ে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে, যাতে কেউ ভোটাধিকার কেড়ে নিতে না পারে। তিনি আরও বলেন, কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এ সময় তিনি ছাত্র শক্তি ও ছাত্রশিবিরের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, তরুণদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত হলে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এর আগে একই দিন সকালে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক নির্বাচনী উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, তার নিজ ইউনিয়নে নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জানান, সোমবার রাতে রসুলপুরের খাইয়ার গ্রামে তার ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।
উঠান বৈঠক ও নির্বাচনী সভায় দেবীদ্বার উপজেলা জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ স্থানীয় জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।