
পটুয়াখালী-৩ আসন (গলাচিপা-দশমিনা) কেন্দ্র করে নির্বাচনী মাঠে ঐক্য ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকেন। আপনাদেরকে নিয়েই এই গলাচিপা-দশমিনাকে আগাইয়া নিব।’
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনিতে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন নুরুল হক নুর।
তিনি আরও বলেন, ‘পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়েত আছে, এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করবো। কোনো ভেদাভেদ নাই। আওয়ামীলীগের অন্যান্য ভাই বোনদেরকে বলবো আপনাদের একজন মানুষেরও বিন্দু মাত্র ক্ষতি হবে না। কোন গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই।’
পথসভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।