
ভোরের আলো ফুটতেই ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার-এর বেদি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ (শনিবার) রাজধানীতে নেমেছে মানুষের ঢল।
হাতে ফুল আর হৃদয়ে গভীর শ্রদ্ধা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারের দিকে দীর্ঘ লাইন। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও বাংলাদেশ স্কাউটস-এর সদস্যরা। একে একে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ভাষা আন্দোলনের শহীদদের প্রতি।
শ্রদ্ধা জানাতে আসে ইডেন মহিলা কলেজ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ছায়ানট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, টিআইবি, উদীচী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও অনেকে শহীদ মিনারে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার শিশুদের হাত ধরে উপস্থিত হন। অনেক অভিভাবককে শিশুদের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে দেখা গেছে।
শ্রদ্ধা জানাতে আসা শফিকুল ইসলাম বলেন,“এই দিন আমাদের প্রেরণার উৎস। এই প্রেরণা থেকেই আমাদের স্বাধীনতার পথচলা শুরু হয়েছে। যখন আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, তখন ছাত্ররা আত্মত্যাগের মাধ্যমে মায়ের ভাষাকে প্রতিষ্ঠা করেছে। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল।”
তিনি আরও বলেন,“আমরাই একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য লড়াই করে জীবন দিয়েছি।”
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তার বলেন,“ভাষা আন্দোলনের ইতিহাস শুধু বইয়ে পড়ার বিষয় নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। প্রতি বছর এখানে এসে শ্রদ্ধা জানালে সেই ইতিহাস নতুন করে অনুভব করা যায়।”
বাংলাদেশ স্কাউটসের সদস্য মাহদি হাসান বলেন,“শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে এসে বুঝতে পারছি মানুষের আবেগ কত গভীর। সবাই খুব সম্মানের সঙ্গে নিয়ম মেনে শ্রদ্ধা জানাচ্ছেন। এটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক।”
ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।