
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর এক ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যা নতুন করে চোরাচালান চক্রের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে মোট ১৫৩টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি।
বিমানবন্দরের গোয়েন্দা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে ঢাকায় পৌঁছানো ফ্লাইটটিকে আগে থেকেই নজরদারিতে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অবতরণের পরপরই নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা তল্লাশি শুরু করেন। পরে এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্টে অনুসন্ধান চালিয়ে টয়লেট প্যানেলের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।
তল্লাশি শেষে ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
উদ্ধার হওয়া স্বর্ণ পরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।