
বগুড়ার গাবতলী উপজেলায় এক বৃদ্ধ কৃষকের মৃতদেহ সেচ পাম্প ঘরের পাশে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে আব্দুল লতিফ আকন্দের (৬৫) লাশ পাওয়া যায়। তিনি নিশিন্দারা পাচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, কৃষক আব্দুল লতিফ আকন্দ প্রতিদিনের মতো সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিন ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার (২৮ মার্চ) রাতে তিনি সেচের জন্য ওই ঘরেই ছিলেন।
পুলিশ জানিয়েছে, রাতের কোনো সময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে হত্যা করে পালিয়েছে। রোববার সকালে স্থানীয়রা শ্যালো মেশিনের ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের ভাতিজা সোহেল বলেন, "সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি চাচাকে কারা যেন হত্যা করে বিবস্ত্র অবস্থায় ধানের ক্ষেতের ভেতরে ফেলে রেখে গেছে। সেচ ঘর ভেঙে গেছে। হয়তো রাতে কোন ধস্তাধস্তি হয়েছে।"
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।