
রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখেন। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে আগুনের তীব্রতা বাড়ায় ইউনিটের সংখ্যা বাড়িয়ে সাতটিতে উন্নীত করা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যাতে আগুন আশপাশের ভবনগুলোতে না ছড়ায়।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।