
রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে চাপাতির আঘাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে হামলা চালানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়ে, এতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আমি ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।
তিনি আরও জানান, পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। বর্তমানে এলাকায় পুলিশ অবস্থান করছে।