
রাজধানীর ব্যস্ততম দুটি মোড় কারওয়ান বাজার ও বাংলামোটরে স্থাপিত এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে—এমন দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন পোস্টে বলা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটর এলাকার এআই ট্রাফিক ক্যামেরাও অচল হয়ে পড়েছে। এসব দাবির পর অনেকের মধ্যে ধারণা তৈরি হয় যে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা আর কার্যকর নেই।
তবে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য সঠিক নয়। তাদের দাবি, রাজধানীতে স্থাপিত এআই ক্যামেরাগুলো সচল রয়েছে এবং নিয়মিত নজরদারির কাজ চালিয়ে যাচ্ছে।
ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ গণমাধ্যমকে জানান, কারওয়ান বাজার এলাকায় কিছু সময়ের জন্য এআই ক্যামেরার কার্যক্রমে বিঘ্ন ঘটেছিল। তবে সেটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা প্রকল্প বন্ধের কারণে নয়। ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কারিগরি কাজ চলাকালে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সাময়িক সমস্যা দেখা দেয়।
তিনি বলেন, প্রয়োজনীয় মেরামত ও প্রযুক্তিগত ত্রুটি সমাধানের পর ক্যামেরাগুলো পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা সক্রিয় রয়েছে এবং আরও একটি নতুন ক্যামেরা স্থাপনের কাজ চলছে।
শারমিন আফরোজ আরও জানান, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ঢাকাজুড়ে ১১০টি এআই ক্যামেরা কার্যকর রয়েছে। পাশাপাশি আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইঁদুর তার কেটে দেওয়ায় রাজধানীর দুটি সিগন্যাল এলাকায় এআই ক্যামেরা প্রায় দুই দিন বন্ধ ছিল। পরে দ্রুত মেরামত সম্পন্ন করে সেগুলো আবার সচল করা হয়।
ডিএমপির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ভবিষ্যতে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার পরিধি আরও সম্প্রসারণ করা হবে।